কিশোরগঞ্জ ০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার

কিশোরগঞ্জের জেল সুপারকে তাৎক্ষণিক বদলি

Md Rofiqul Islam
Md Rofiqul Islam
ডেস্ক রিপোর্ট

আপডেট সময় : ১২:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২ বার পড়া হয়েছে

নারী কারারক্ষীকে অনৈতিক প্রস্তাবের ফোন কল রেকর্ড ফাঁস হওয়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার (৩ জুন) কারা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জেল সুপার মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১০টার মধ্যে মো. দিদারুল আলম কর্মমুক্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

একই প্রজ্ঞাপনে হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর তত্ত্বাবধায়ক (জেল সুপার) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রজ্ঞাপন জারি হওয়ার পর পরই মো. দিদারুল আলম কিশোরগঞ্জ ছেড়ে গেছেন এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিম কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর তত্ত্বাবধায়ক (জেল সুপার) হিসেবে দায়িত্ব নিয়েছেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলা কারাগারের এক নারী কারারক্ষীর সঙ্গে জেল সুপার দিদারুল আলমের একটি ফোনালাপ মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটিতে তিনি ওই নারী সহকর্মীকে কুপ্রস্তাবসহ তার সঙ্গে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে শোনা যায়।

ফোন কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ রকম পরিস্থিতিতে বুধবার (৩ জুন) জেল সুপার মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করা হয়।