কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কটিয়াদীর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, টেকসই পল্লী গঠন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পল্লী উন্নয়নে বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।