কিশোরগঞ্জ ০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার

শিক্ষাব্যবস্থা বিকেন্দ্রীকরণ ও বহুমাত্রিক করার উদ্যোগ নেওয়া হয়েছে: মাহদী আমিন

Md Rofiqul Islam
Md Rofiqul Islam
ডেস্ক রিপোর্ট

আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ ও বহুমাত্রিক করার উদ্যোগ নিয়েছে সরকার। যাতে উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক না হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে, বলেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, আমাদের আগামী বাংলাদেশের মূল শক্তি হবে শিশু, কিশোর ও তরুণরা। তাদের হাত ধরেই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মিত হবে। সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও সমানভাবে দক্ষ হয়ে উঠবে। যে শিক্ষার্থী যে বিষয়ে ভালো করতে চায়, রাষ্ট্র তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি বলেন, খেলাধুলা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা পাবে। তাই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি আনন্দময় ও বহুমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে স্কাউট, গার্লস গাইড, বিএনসিসির মতো কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজির পাশাপাশি বিদেশি ভাষাও শেখার সুযোগ পাবে।

মাহদী আমিন আরও বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠুক। তারা শুধু ভালো মানুষই নয়, দক্ষ ও যোগ্য নাগরিক হবে, যারা নিজেদের পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখবে। দেশজুড়ে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের ক্রীড়া ও শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।